হরমুজ প্রণালিতে অবস্থিত নিজেদের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
এদিকে, ইরান ও ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে দেশটিতে আর হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ড্রোন ভূপাতিতের এ তথ্য জানায়।
আইআরজিসির দাবি, স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটের দিকে ড্রোনটি শনাক্ত করার পর তাদের অ্যারোস্পেস ইউনিটের একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়।
বাহিনীটি জানিয়েছে, ড্রোনটি নজরদারির পাশাপাশি হামলার কাজেও ব্যবহার করা হচ্ছিল। এ নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। সর্বশেষ ঘটনাকে শত্রুপক্ষের ব্যর্থ নজরদারি অভিযানের আরেকটি উদাহরণ বলেও উল্লেখ করেছে তারা।
তবে ড্রোন ভূপাতিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইরানে নতুন হামলা থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প
ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে হামলা না চালানোর বিষয়ে নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, সংঘাত আরও বাড়ানোর পরিবর্তে তা শেষ করার বিভিন্ন পথ বিবেচনা করছেন ট্রাম্প। তবে যুদ্ধের সমাপ্তি কীভাবে ঘটানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তিনি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কয়েকজন কর্মকর্তা।
জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন মূল্যায়ন পাওয়ার পর ট্রাম্প নতুন করে হামলা না চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত ও উত্তেজনা অব্যাহত রয়েছে।
সূত্র: রয়টার্স, আলজাজিরা।
এসএস