ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যারা ডিসেম্বরে দেশে আসার গল্প বলে এটা হয়তো ২০৪০ সালে হতে পারে : নজরুল ইসলাম আজাদ এমপি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘আমরা রাজপথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আমরা পালাইনি, পালিয়েছে শেখ হাসিনা ও তার অনুসারীরা।’

রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

নজরুল ইসলাম আজাদ বলেন, যারা ডিসেম্বরে দেশে আসার কথা বলে গল্প করছে, তা হয়তো ২০৪০ সালে হতে পারে। ছাত্র-জনতাকে হত্যার কারণে তাদের মনোবল ও মানসিক শক্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে তাদের ‘লজ্জা-শরমও নেই’ বলে মন্তব্য করে তিনি বলেন, পালিয়ে গিয়ে এখন তারা বড় বড় কথা বলে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন। ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে ‘আমি-ডামির নির্বাচন’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সহজে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে এমনটি মনে করার কারণ নেই বলেও মন্তব্য করেন ফজলুর রহমান। শেখ হাসিনা ‘আসছে, আসছে’ বললেও তিনি দেশে ফিরবেন না বলেও দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের বিষয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে। মুনীর চৌধুরী, আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জামায়াতকে বিএনপির ঘনিষ্ঠ মনে করলে ভুল হবে।

তিনি বলেন, জামায়াতের নেতারা সংসদে এক ধরনের বক্তব্য দেন, আবার সংসদের বাইরে এসে বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, রাষ্ট্রক্ষমতায় তারেক রহমান ও বিএনপিকে রাখতে হলে নিজেদের সততা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, ধান্দাবাজি কিংবা ক্ষমতার দাপট দেখালে জনগণ তা মেনে নেবে না। বিএনপিরও কিছু ভুল হয়েছে উল্লেখ করে তিনি নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ফতেহ মোহাম্মদ রেজা রিপন ও মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সমাবেশ সঞ্চালনা করেন।


এসএস/এসএস




Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement