নেত্রকোনার কলমাকান্দা ও পূর্বধলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ১৮ ও ১৬ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ নিজ বাড়ির পাশে পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শিংকাটা গ্রামে মারা গেছে তায়েবা নামে ১৮ মাস বয়সী এক শিশু। সে ওই গ্রামের মজিবর রহমান (স্বপন) ও উর্মি আক্তারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির উত্তর পাশে আব্দুস ছাত্তারের পুকুরে পড়ে যায় তায়েবা। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে শিশুটির এক আত্মীয় দাদি তাকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলিশাউড় পূর্বপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে ১৬ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক শহীদ মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে আমির হামজাকে বাড়ির উঠানে রেখে তার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তার চাচাতো ভাই মাহফুজুল হক পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
একই দিনে জেলার দুই উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
-টিএস