দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যসেবায় দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হলে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ দেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। দায়িত্বে অবহেলার অভিযোগে সিভিল সার্জনকে সোমবারের মধ্যে প্রত্যাহার করে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সেবায় গাফিলতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএস