বাংলাদেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ এনেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপাশি সিরিজটির কয়েকটি মডেলে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি।
স্যামসাং জানিয়েছে, গত দুই দশক ধরে টেলিভিশন প্রযুক্তিতে ধারাবাহিক উদ্ভাবনের অংশ হিসেবে নতুন এইচ-সিরিজ নিয়ে এসেছে তারা। এই সিরিজের মাধ্যমে মাইক্রো আরজিবি প্রযুক্তির টেলিভিশন বাংলাদেশের ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদা বিবেচনায় এইচ-সিরিজে বিভিন্ন ধরনের টিভি ও ডিসপ্লে প্রযুক্তি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম মাইক্রো আরজিবি ‘আর৯৫এইচ’ (R95H), ওএলইডি ‘এস৯৫এইচ’ ও ‘এস৮৫এইচ’ (S95H ও S85H), মিনি এলইডি ‘এম৭০এইচ’ (M70H), ক্রিস্টাল ইউএইচডি ‘ইউ৮৫০০এইচ’ ও ‘ইউ৯০০০এইচ’ এবং এফএইচডি/এইচডি ‘এফ৬০০০এফ’ ও ‘এফ৫০০০এফ’।
স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ মাইক্রো আরজিবি প্রযুক্তি। এতে লাল, সবুজ ও নীল আলোর ক্ষুদ্র চিপ ব্যবহার করা হয়েছে। কোম্পানিটির দাবি, এ প্রযুক্তির ফলে আরও উজ্জ্বল ছবি, উন্নত কনট্রাস্ট ও প্রাণবন্ত রঙ পাওয়া যাবে।
টিভিগুলোতে প্রযুক্তির পাশাপাশি নকশাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। গ্লেয়ার-ফ্রি স্ক্রিন কোটিং থাকায় ঘরের বা বাইরের আলোর প্রতিফলন কমে যায়। ফলে দিনের বিভিন্ন সময়েও পরিষ্কার ছবি দেখার সুবিধা পাওয়া যাবে।
গেমারদের জন্য নির্ধারিত মডেলে রয়েছে ১৬৫ হার্জ রিফ্রেশ রেট। পাশাপাশি এনভিডিয়া জি-সিঙ্ক ও এএমডি ফ্রিসিঙ্ক সাপোর্ট থাকায় স্ক্রিন টিয়ারিং কমিয়ে মসৃণ গেমিং অভিজ্ঞতা দেওয়ার দাবি করেছে স্যামসাং।
নির্ধারিত কিছু মডেলে মিনি এলইডি ব্যাকলাইট রয়েছে। এ ছাড়া এআই ফুটবল মোড রিয়েল-টাইম এআই বিশ্লেষণের মাধ্যমে ছবির মান স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে এবং খেলার শব্দকে আরও প্রাণবন্ত করার সুবিধা দেয়।
নতুন লাইনআপ সম্পর্কে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের পরিচালক ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ব্যবহারকারীদের বাস্তব জীবনের প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন নিয়ে আসছি। বাংলাদেশে নতুন এইচ-সিরিজের মাধ্যমে আমরা উচ্চমানের টিভি প্রযুক্তিকে আরও সহজলভ্য ও উপভোগ্য করে তুলছি।’
স্যামসাং জানিয়েছে, নতুন এইচ-সিরিজের টিভিগুলো সারাদেশের অনুমোদিত স্যামসাং আউটলেট ও পার্টনার রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে।
এর মধ্যে ৮৫ ইঞ্চির মাইক্রো আরজিবি ‘আর৯৫এইচ’ মডেলের দাম ৮ লাখ ৮৯ হাজার ৯৯০ টাকা, ৭৭ ইঞ্চির ওএলইডি ‘এস৯৫এইচ’ মডেলের দাম ৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ৬৫ ইঞ্চির মিনি এলইডি ‘এম৭০এইচ’ মডেলের দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং ৯৮ ইঞ্চির ইউএইচডি ‘ইউ৯০০০এইচ’ মডেলের দাম ৪ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা।
-টিএস