ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
চুক্তির আওতায় ব্যাংকের মনোনীত পলিসির শর্ত অনুযায়ী, ক্রেডিট কার্ড গ্রাহকের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবার ইন-হসপিটাল ক্যাশ বেনিফিট পাবেন গ্রাহকেরা। এর মাধ্যমে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার সময়ের ব্যয় সামলাতে আর্থিক সহায়তা পাবেন তারা।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ প্রসঙ্গে তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা তাদের দৈনন্দিন জীবনের মান উন্নত করবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকেরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজেদের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকৃত হবেন।”
আলা আহমদ বলেন, “স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে এ চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বীমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।”
এনআরবি ব্যাংক পিএলসি কার্ড ও ডিজিটাল আর্থিক সেবায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, শাখা ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে আসছে।
১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখের বেশি ব্যক্তি গ্রাহক ও ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে মেটলাইফ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-টিএস