বিশ্ববাজার ও সার্বিক প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের দাম বাড়ার পর রাজধানীর বাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে গত এক সপ্তাহের ব্যবধানে পটোল, ঢ্যাঁড়শ, বেগুন, ঝিঙা, ধুন্দল ও করলাসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও টমেটো। তবে ফার্মের ডিম, ব্রয়লার মুরগি ও চালের দাম আপাতত আগের সপ্তাহের পর্যায়েই অপরিবর্তিত রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে নিত্যপণ্যের এই চড়া মূল্যের চিত্র দেখা গেছে।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরেই নিত্যপণ্যের দামে অস্থিরতা চলছে। গত ২০ সেপ্টেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায় ২১ সেপ্টেম্বর থেকে পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল ও ১ জুনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ার কারণেই পাইকারি ও খুচরা বাজারে সবজির দামে এই বড় লাফ দেখা দিয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন বাজারভেদে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ৯০ থেকে ১০০ টাকা কেজি ছিল। করলার দাম কিছুদিন আগে কমে ৬০-৮০ টাকায় নামলেও এখন মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ছোট আকারের পটোল ও ঢ্যাঁড়শের কেজিপ্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৮০ টাকায়, যা আগের সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা ছিল। এছাড়া ঝিঙা ও ধুন্দলসহ অন্যান্য সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। তবে কাঁচা পেঁপে আগের মতোই ৩০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
পরিবহন খরচের উদাহরণ দিয়ে মিরপুর-১ নম্বরের ব্যবসায়ী মিজান জানান, যশোর থেকে কাওরান বাজারে বেগুন আনার জন্য মাঝারি আকারের যে ট্রাকের ভাড়া আগে ১৮ হাজার টাকা ছিল, জ্বালানি তেলের দাম বাড়ার পর তা ২১ হাজার টাকায় ঠেকেছে। ফলে কাওরান বাজারেই বেগুনের কেজি ১০০ টাকার ওপরে উঠে গেছে।
তবে পরিবহন ব্যয় বৃদ্ধির তুলনায় খুচরা বাজারে অনেক পণ্যের দাম অযৌক্তিকভাবে বেশি বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। মিরপুর-১১ নম্বর কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা চাকরিজীবী মিনহাজ আক্ষেপ প্রকাশ করে বলেন, "জ্বালানি তেলের দাম বাড়লে পণ্যের দাম কেজিতে ১-২ টাকা বাড়তে পারে। এক লাফে ১০ থেকে ২০ টাকা বাড়ার কোনো যৌক্তিকতা নেই। বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা যে যার মতো দাম বাড়াচ্ছে।"
সবজির দামে ধাক্কা লাগলেও প্রোটিন ও অন্য কয়েকটি নিত্যপণ্যে নতুন করে প্রভাব পড়েনি। ফার্মের ডিম গত সপ্তাহের মতোই প্রতি ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা এবং ব্রয়লার মুরগি বাজারভেদে ১৮৫ থেকে ১৯৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের বাজারেও এখনও তেলের মূল্যবৃদ্ধির বড় প্রভাব দেখা যায়নি। তবে সম্প্রতি বাজারে পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, যার আগে সরকারি প্রতিষ্ঠান ‘মিল্কভিটা’ও একই হারে দাম বাড়িয়েছিল। এছাড়া করপোরেট প্রতিষ্ঠানগুলোর হাত ধরে গত দুই সপ্তাহ আগে থেকে বাড়তি দামেই বিক্রি হচ্ছে আটা ও ময়দা।
এসএ