গাজীপুরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গী উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার চান মিয়ার স্ত্রী ও ছেলে। পরিবার ও পুলিশ জানায়, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে রোববার তারা গাজীপুরের টঙ্গীতে আসেন। আলম এশিয়া পরিবহনের বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নেমে তিনজন ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়ি ও চালককে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএস