রংপুরের পীরগাছায় ছেলের ছুরিকাঘাতে মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হাসানুর রহমান জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর তাম্বুলপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
নিহত মাহাবুর হোসেন মহুবর ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, হাসানুর রহমানের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্ক ভালো ছিল না। শুক্রবার বিকেলে হাসানুরের শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসেন। পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সেখানে বৈঠক বসে।
বৈঠকের একপর্যায়ে হাসানুর তাঁর শাশুড়িকে অসম্মান করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় ছেলের আচরণে ক্ষুব্ধ হয়ে শাশুড়ির সামনেই হাসানুরকে থাপ্পড় দেন তাঁর বাবা মাহাবুর।
এতে ক্ষিপ্ত হয়ে হাসানুর পাশে থাকা একটি ছুরি দিয়ে তাঁর বাবার বুকে আঘাত করেন। এতে মাহাবুর গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণে আক্রান্ত হন। পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেউ দোষী হলে তাঁকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
-টিএস