জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে সংযুক্ত আরব আমিরাতের মিশনে স্থানীয় সময় বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথাও বৈঠকে উঠে আসে।