রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে আয়োজিত এক মিছিল শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছিলেন, ‘সরকার আমাদের প্রধান তিনটি দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ধরনের ককটেল বিস্ফোরণ ঘটবে না।’
তার এই বক্তব্যের প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় শুধু নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই জড়িত, নাকি অন্য কেউও রয়েছে।
জবাবে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, তার কাছে মনে হয়েছে নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত। তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটিও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ মিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তিনি এই বক্তব্যটা কেন দিয়েছেন? আমার কাছে মনে হয়, অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত।’
তবে নাসীরুদ্দীন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপের কথা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।
-টিএস