খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশে নারী ও শিশু শিক্ষার্থীদের প্রতিনিয়ত সামাজিক বিড়ম্বনা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করে টিকে থাকতে হচ্ছে। এসব সমস্যা দূর করতে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক নিরাপত্তায় সরকারের গৃহীত কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে জনপ্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করতে পারলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব।
কেসিসি প্রশাসক শুক্রবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ‘বেসিক মেডিয়েশন ট্রেনিং প্রোগ্রাম’-এর উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিআইএমএস)-এর স্টুডেন্ট উইং-খুলনা শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে। একই সঙ্গে সংকট মোকাবিলায় তাঁরা নিজেরাই উদ্যোগী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে আসক্তি ও মাদকের বিস্তারের কারণে তরুণ সমাজ আজ নানা অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, যা পারিবারিক ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলছে। পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এ সংকট থেকে উত্তরণ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
বিআইএমএসের এসডাব্লিউ সিরিজা সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফজলে খোদা মো. নাজির। মেডিয়েশন বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শরীফ মো. সানুয়াল হক। বক্তব্য দেন সোসাইটির নির্বাহী সচিব মিজ প্রিয়াংকা চক্রবর্তী, ট্রেইনার ড. সিমরন নাপিত, কো-অর্ডিনেটর বিজয় ভারতিয়া এবং সার্ক মেডিয়েটর্স ফোরামের চেয়ারম্যান ড. জর্জ ইয়েসু ভেদাহ ভিক্টর। স্বাগত বক্তব্য দেন ফাহিমা আক্তার রিয়া।
এসএস/আরএন