হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চান্দপুর চা-বাগানের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুনারুঘাট উপজেলার ৫ নম্বর পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। দুজনই পাইকপাড়া ইউনিয়নের বাসিন্দা। আহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে চান্দপুর চা-বাগানের সামনে পুরাতন মহাসড়কে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা আরও জানান, নিহত দুই যুবক মোটরসাইকেলে করে চন্ডী রামগঙ্গা চা-বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো পাইকপাড়া ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।
জেএ/আরএন