ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কোটচাঁদপুর রেলস্টেশন এলাকায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
আটক দুই ভাই হলেন মোহাম্মদ ইশতিয়াক আহমেদ (২২) ও মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইফতি (২৩)। তারা কোটচাঁদপুর পৌরসভার রুদ্রপুর স্কুলপাড়া এলাকার মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে কোটচাঁদপুর থানা পুলিশ।
মামলাটির তদন্তের অংশ হিসেবে শুক্রবার বিকেলে রুদ্রপুর স্কুলপাড়া এলাকার দুই ভাই ইশতিয়াক আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইফতিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য। এছাড়া তারা বাংলাদেশ রেলওয়েতে মাস্টাররোলে কর্মরত ছিলেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুই ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কোটচাঁদপুর পৌর শাখার সক্রিয় সদস্য। তারা সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ শাহিনের ঘনিষ্ঠ সহযোগী বলেও জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরইউ/আরএন