ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার টিপিএলএফ (টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট)-এর বাহিনী অঞ্চলটির একাধিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলের আলুলা আবা নেগা বিমানবন্দর টিপিএলএফের নিয়ন্ত্রণে গেছে। শিরে ও আকসুমের বিমানবন্দর নিয়েও একই ধরনের তথ্য পাওয়া গেছে। পরিস্থিতির কারণে ইথিওপিয়ার জাতীয় বিমান সংস্থা মেকেলে, শিরে ও আকসুমগামী সব উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে।
টাইগ্রে আঞ্চলিক সরকার দাবি করেছে, কেন্দ্রীয় সরকারের বিমান, চালকবিহীন উড়োজাহাজ ও গোলাবর্ষণের জবাব দিতে তাদের বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান শুরু করেছে। অন্যদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর উপদেষ্টা অভিযোগ করেছেন, টি পিএল এফ আফার ও আমহারা অঞ্চলে সরকারি অবস্থানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। তবে এসব দাবির কিছু অংশ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার ও টিপিএলএফ-এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ হয়েছিল। ২০২২ সালের নভেম্বরে একটি শান্তিচুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান হলেও চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের বিরোধ অব্যাহত ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা আবারও বাড়তে থাকে। টি পিএল এফ আরও কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে ক্ষমতা থেকে সরানো।
পর্যবেক্ষকদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে সংঘাত শুধু টাইগ্রে অঞ্চলে সীমাবদ্ধ নাও থাকতে পারে। প্রতিবেশী ইরিত্রিয়া ও সুদানের সঙ্গে বিদ্যমান উত্তেজনার কারণে এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এফএস