ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়।
দেশটির টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া এক যাত্রী জানান, রাত প্রায় ১টার দিকে যাত্রীরা ঘুম থেকে উঠে দেখেন নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।
কিছুক্ষণ পরই সেটি ডুবে যায়। নৌকাটি ডোবার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতির কারণে ডিআর কঙ্গোতে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা