
সংগৃহীত ছবি
ইয়েমেনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব এল মান্দেবের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল-আলিমি বাওয়াজির।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইয়েমেনে দীর্ঘদিনের অস্থিতিশীলতা শুধু দেশটির নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক বাণিজ্য ও সমুদ্রপথের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।
বাওয়াজিরের দাবি, দীর্ঘ ১২ বছরের সংঘাত ইয়েমেনের একটি পুরো প্রজন্মকে স্থিতিশীলতা ও স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত করেছে। তিনি হুথিদের বিরুদ্ধে বিভিন্ন শান্তি উদ্যোগ প্রত্যাখ্যান এবং সামরিক তৎপরতা বাড়ানোর অভিযোগ করেন।
তিনি বলেন, ইয়েমেন সরকার সৌদি-ওমানি শান্তি রোডম্যাপ গ্রহণ করলেও হুথিরা তা প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে লোহিত সাগর ও বাব এল মান্দেবে হুথিদের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তবে এসব অভিযোগ ইয়েমেন সরকারের বক্তব্য, এটি একটি চলমান সংঘাতের পক্ষের অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত।
ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট বলেন, বাব আল-মানদাবের নিরাপত্তা নিশ্চিত করা শুধু ইয়েমেনের একার দায়িত্ব নয়; এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক দায়িত্ব। তার ভাষায়, ইয়েমেনের রাষ্ট্রীয় কাঠামো পুনরুদ্ধার এবং বাব এল মান্দেবের নিরাপত্তা নিশ্চিত করা পরস্পর সম্পর্কিত।
বাওয়াজির সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি হুথিদের কাছে অস্ত্র ও সামরিক প্রযুক্তির প্রবাহ বন্ধ, ইয়েমেনের জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং দেশটির অর্থনীতিতে সহায়তার আহ্বান জানান তিনি।
তিনি সৌদি আরবের সমর্থনের প্রশংসা করেন এবং নৌপথের নিরাপত্তায় বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
বাওয়াজির বলেন, শুধু সংকট ব্যবস্থাপনা নয়, ইয়েমেনের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব প্রয়োজন।
তিনি আরও বলেন, বাব এল মান্দেবকে এমন একটি নিরাপদ বাণিজ্যপথ হিসেবে গড়ে তোলা উচিত, যা আরব উপদ্বীপ, আফ্রিকার হর্ন অঞ্চল ও বিশ্বের অন্যান্য অংশের মধ্যে বাণিজ্যিক সংযোগ জোরদার করবে।
এফএস