ইরান যুক্তরাষ্ট্রের কাছে এমন একটি প্রস্তাব দিয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ‘চূড়ান্ত চুক্তির’ লক্ষ্যে আলোচনা শুরুর কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
আরাগচি বলেন, চলতি সপ্তাহে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি দেওয়া হয়েছে। আলোচনা পুনরায় শুরু ও প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে সাত দিনের মধ্যে কিছু শর্ত পূরণ করতে হবে।
তবে শর্তগুলো বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শর্তগুলো ইসলামাবাদ সমঝোতা স্মারকে (এমওইউ) যা ছিল, তার চেয়ে বেশি কিছু নয়।
গত জুনে দুই দেশের মধ্যে ওই সমঝোতা হয়। এতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা সম্পদ ছাড় এবং লেবাননেসহ সামরিক অভিযান বন্ধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক ও বিশেষজ্ঞদের এক দলকে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করার পরের দিন থেকেই সাত দিনের সময়সীমা শুরু হবে।
তিনি বলেন, তারা এখন যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় আছেন। তেহরান কোনো তাড়াহুড়ো করছে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান মনে করে, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি গ্রহণ করে আলোচনা শুরু করলে তা নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই হওয়া ভালো।