একটি ভবনের অষ্টম তলায় একসঙ্গে অবস্থান করছিলেন ৭০ জন বিদেশি নাগরিক। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে চট্টগ্রাম নগর পুলিশ। এ সময় ল্যাপটপ ও মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে এ অভিযান চালানো হয়। নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও খুলশী থানা-পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভবনটির অষ্টম তলায় অভিযান চালানো হয়। সেখান থেকেই ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
অভিযানস্থল থেকে পাওয়া ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস এখন পুলিশের হেফাজতে রয়েছে। এসব ডিভাইসের মধ্যে ল্যাপটপ ও মুঠোফোন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, আটক বিদেশিরা অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে তাঁদের কথিত কর্মকাণ্ডের ধরন, চক্রের সঙ্গে কারা জড়িত এবং উদ্ধার হওয়া বিপুলসংখ্যক ডিভাইস কী কাজে ব্যবহৃত হতো।এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ।
এর আগে ৩ সেপ্টেম্বর রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে একই ধরনের অভিযোগে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে পাঁচজন চীনের ও একজন তাইওয়ানের নাগরিক। ওই অভিযানে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৪০টি ল্যাপটপ ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের ওই হোটেলে অভিযান চালানো হয়েছিল। পরে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, চীন ও তাইওয়ানের কয়েক শ নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেলে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে যুক্ত এবং বিপুলসংখ্যক ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার কী ছিল, তা এখনো তদন্তাধীন।
চট্টগ্রামের ঘটনায় আটক ৭০ বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া ডিভাইস যাচাইয়ের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।
এফএস