ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সীমান্তে গুলি ছুড়ে চারটি নৌকা নিয়ে গেল বিএসএফ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
X
Advertisement

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে প্রবাহিত ধরলা নদীর বাংলাদেশি শূন্যরেখা এলাকায় অযান্ত্রিক পদ্ধতিতে ছোট নৌকায় বালু ও পাথর উত্তোলনকারী বাংলাদেশিদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

স্থানীয়দের অভিযোগ, কোনো কারণ ছাড়াই বিএসএফ নদী এলাকার প্রায় ১৫ গজ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে এসে গুলি ছুড়েছে। এ সময় বাংলাদেশিদের বালু ও পাথর উত্তোলনকাজে ব্যবহৃত চারটি নৌকা নদী থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত আন্তসীমান্ত ধরলা নদী বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দর এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্তবর্তী এই নদীর বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখার বাংলাদেশি অংশ থেকে বেশ কয়েকজন বাংলাদেশি অযান্ত্রিক পদ্ধতিতে বালু ও পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশি বালু ও পাথর উত্তোলনকারীদের লক্ষ্য করে অন্তত ২০ থেকে ২৫ জন বিএসএফ সদস্য নদীর পাড়ে আসেন। এ সময় দুই বিএসএফ সদস্য অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন। এতে কেউ হতাহত না হলেও গুলি ছোড়ার ঘটনায় ওই এলাকার সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিএসএফের গুলি ছোড়ার ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। বর্তমানে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, বুড়িমারী ইউনিয়নের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকা। বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪২-এর ৪ ও ৫ নম্বর উপপিলার এলাকার ধরলা নদী সীমান্তে ভারতের ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দলের সদস্যরা বাংলাদেশি বালু ও পাথর উত্তোলনকারীদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় নদী থেকে চারটি নৌকা নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

ঘটনাটি জানার পরপরই শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় গুলি ছোড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে পানিশালা ক্যাম্পের বিএসএফ কমান্ড্যান্টকে পতাকা বৈঠকের আহ্বান জানান বিজিবির বুড়িমারী কোম্পানি সদরের কমান্ডার। প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে বুড়িমারী ও চ্যাংড়াবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গুলি ছোড়ার প্রতিবাদ জানায় বিজিবি। বৈঠকের বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকেরা অবৈধভাবে সীমান্ত পিলারের মধ্যবর্তী স্থান থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামক স্থানে গেলে বিএসএফের পানিশালা ক্যাম্পের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। বিএসএফ চারটি নৌকা নদীর পাড় থেকে ক্যাম্পে নিয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার সময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, বাংলাদেশি বালু ও পাথর উত্তোলনকারীরা ভারতের অভ্যন্তরে যাননি। এ সময় অনেকে ঘটনার ভিডিও ধারণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএসএফ সদস্যরা নদীতে নেমে নৌকাগুলোতে আঘাত করে ভাঙার চেষ্টা করছেন এবং কয়েকটি নৌকা নিয়ে যাচ্ছেন।

৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২)-এর সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম বলেন, সীমান্তে বিএসএফ গুলি ছোড়ায় বিজিবি প্রতিবাদ জানিয়েছে। এ ব্যাপারে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বলে শুনেছি। আমি বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না; জেনে জানাব।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement