দিনাজপুরের বিরামপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ১১ মাস বয়সী শিশুকন্যা গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঢাকামোড়ের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর শহরে মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেল ঢাকামোড়ের দিকে যাওয়ার সময় স্বামী মাহমুদুল হাসানের মোটরসাইকেল থেকে তার স্ত্রী ও শিশুসন্তান মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। তাদের ১১ মাস বয়সী শিশুকন্যা গুরুতর আহত হয়েছে।
নিহত রুমি আক্তার ও তার পরিবারের বাড়ি পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর জিয়াকাঠি গ্রামে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমআর/আরএন