নেত্রকোনায় ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কুড়পাড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া ইসলামসহ একটি চক্র ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে দেড় হাজার করে টাকা নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিকেলে কুড়পাড় এলাকায় টাকা নেওয়ার সময় স্থানীয় লোকজন সাদিয়াকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি কুড়পাড় এলাকায় রোকন উদ্দিনের বাসায় ভাড়া বাসায় থাকতেন।
জানতে চাইলে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী সুমন মিয়ার স্ত্রী প্রিয়া আক্তার বলেন, ‘মঙ্গলবার সকালে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সাদিয়া আমাকে জানায়। সে আরও তিনজনের কাছ থেকে টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলেছে। আমার কাছ থেকেও টাকা নিয়েছে। আজ বিকেলে আরেক মহিলার কাছ থেকে দেড় হাজার টাকা নিতে এলে স্থানীয় লোকজন তাকে আটক করছে। আমি এর বিচার চাই।’
সাদিয়া ইসলাম এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেন জেলা কমিটির সদস্যসচিব ফাহিম রহমান খান পাঠান।
তিনি বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। তিনি কোনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের সাদিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিআইএস