রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে সোনিয়া আক্তার (৩০) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
নিহত সোনিয়া আক্তার বরিশাল জেলার হিজলা উপজেলার চর ভারেয়া গ্রামের বাবুল চৌকিদারের মেয়ে। সোমবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারধর ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করেন তার কথিত প্রেমিক মো. জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সোনিয়া আক্তারের মৃত্যু হয়।
অভিযুক্ত মো. জুয়েল সরদার (৩৫) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকার নুকু সরদারের ছেলে।
সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় বাড়ির মালিক তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, সোনিয়া আক্তার আহত হওয়ার ঘটনায় মামলা হওয়ার পরপরই মো. জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার মৃত্যু হওয়ায় মামলাটিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সিরাজুল ইসলাম / এফএস