সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।
সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।
আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে একটি সমাবেশে প্রকাশ্যে গুলি করে তাঁকে হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
পরবর্তীতে মামলাটি হাইকোর্টে গেলে ২০১৬ সালের ১৫ জুন রায়ে ছয় আসামির মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। সাতজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় এবং কয়েকজন আসামি খালাস পান।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা খালাস চেয়ে আপিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এবার আপিল বিভাগে শুনানি শেষ হলো। এখন আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত এই হত্যা মামলা।
এফএস