ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যাত্রা শুরু
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


গতকাল ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ (সালেহ শিবলী)।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং বিভিন্ন ভাষা শেখানোর প্ল্যাটফর্ম হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সালেহ শিবলী বলেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে এবং কোনো বিষয় নিয়ে প্রতিবাদ করার সময় প্রত্যেকেরই শালীনতা বজায় রাখা উচিত। মানুষের শুধু বাক্‌স্বাধীনতা সম্পর্কে জানলেই হবে না, বাক্‌শালীনতাও শেখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন।


তিনি বলেন, বর্তমান বিশ্বে যোগাযোগের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। বিশেষ করে সাংবাদিকদের আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হলে একাধিক ভাষায় যোগাযোগের সক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। ভাষা শেখার মাধ্যমে শুধু যোগাযোগের দক্ষতাই বাড়ে না, বিভিন্ন সংস্কৃতি ও সমাজকে বোঝার সুযোগও তৈরি হয়।


বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


বক্তারা বলেন, অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকতার পরিধি এখন আগের তুলনায় অনেক বিস্তৃত। আন্তর্জাতিক সংবাদ, গবেষণা, নীতি-নির্ধারণী নথি ও বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের বক্তব্য বুঝতে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে বিদেশি সাংবাদিক, গবেষক ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও ভাষার জ্ঞান সাংবাদিকদের বাড়তি সুবিধা দেবে।


তারা বলেন, ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে সদস্যদের জন্য নিয়মিত ভাষা শিক্ষা, কথোপকথন ও পেশাগত যোগাযোগের প্রশিক্ষণের সুযোগ তৈরি করা গেলে তা সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে ইংরেজির পাশাপাশি বিশ্বের গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষা শেখার সুযোগ তৈরি করা গেলে আন্তর্জাতিক সাংবাদিকতায় ইআরএফ সদস্যদের অংশগ্রহণ আরও বাড়বে।


ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই ল্যাঙ্গুয়েজ ক্লাব চালু করা হয়েছে। ভবিষ্যতে সদস্যদের প্রয়োজন ও আগ্রহ বিবেচনায় নিয়ে বিভিন্ন ভাষা শেখানোর কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।


অনুষ্ঠানে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং হেডম্যান একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন ভাষা শিক্ষার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত দক্ষতা এবং পরিবর্তনশীল বিশ্বে কার্যকর যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন।


আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে ইআরএফ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। এর মাধ্যমে সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে পেশাগত যোগাযোগ ও সাংবাদিকতার সক্ষমতা উন্নয়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হবে।


টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement