দেশের মানুষের মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকার বেশি। একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা।
রোববার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দেওয়া তথ্যে দেশের ঋণ ও খেলাপি ঋণের এমন চিত্র উঠে এসেছে।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা। সরকারি রাজস্ব বাড়ানো, অর্থের দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
অন্যদিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে মোট খেলাপি ঋণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।
খেলাপি ঋণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা। এরপর অগ্রণী ব্যাংকে ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ, রূপালী ব্যাংকে ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ লাখ এবং সোনালী ব্যাংকে ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা খেলাপি ঋণ রয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ এবং বেসিক ব্যাংকে ৮ হাজার ১৩১ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।
সংসদে দেওয়া এসব তথ্য দেশের একদিকে নাগরিকদের মাথাপিছু ঋণের চাপ এবং অন্যদিকে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর বিপুল খেলাপি ঋণের চিত্র সামনে এনেছে।
এফএস