
সংগৃহীত ছবি
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি ওভেরবিলিয়ে শহরে গ্যাস লিক থেকে সৃষ্ট এক ভয়াবহ বিস্ফোরণে দুই বছর বয়সী বাংলাদেশি শিশু নাহিল নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি (৯৩) ডিপার্টমেন্টের ওভেরবিলিয়ে শহরের রুই পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল। প্রেফেকচুরের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দলও কাজ করে।
ফরাসি সংবাদমাধ্যম লা মনদে, লার পারিসিয়েন এবং বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে প্রাথমিকভাবে গ্যাস লিককে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট উৎস ও কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে বিচারিক তদন্ত শুরু হয়েছে।
টিআইএস