বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ নিয়ে প্রধানমন্ত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য করার পর আলোচনায় আসা সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, তাঁরা সিফাতের জামিন চেয়েছিলেন। তবে আদালত তা নামঞ্জুর করেছেন। তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য কিংবা প্রধানমন্ত্রীকে করা কথিত কুরুচিপূর্ণ মন্তব্যের কোনো উল্লেখ মামলার এজাহারে নেই। তাঁর ভাষ্য, ৪ জুনের একটি পুরোনো মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। জামিন শুনানি শেষে আদালত তাঁর আবেদন নামঞ্জুর করেছেন।
এর আগে ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাছা থানা পুলিশ। পরে তাঁকে থানায় নেওয়া হয়। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।