‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ইশা। তিনি এই সময়টিকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি বলে উল্লেখ করেছেন।
মার্চ মাস থেকেই বাদশা ও ইশার সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। পরে ইশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও বাড়ে।
সাক্ষাৎকারে ইশা বলেন, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। নিজের ব্যক্তিগত জীবনকে কখনোই জনসমক্ষে আলোচনার বিষয় বানাতে চাননি। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, তিনি বারবার নিজেকেই প্রশ্ন করতেন, ‘আমি কী ভুল করেছিলাম?’
ইশা জানান, তিনি শুধু প্রিয় মানুষটিকেই নয়, তাঁদের সম্পর্কটিকেও রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুই ব্যক্তির ব্যক্তিগত বিষয়কে কখনোই নাটকে পরিণত করতে চাননি বলেও জানান তিনি।
বিয়ের ছবিগুলো নিজে প্রকাশ না করলেও তাঁর মা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার তাঁর ঝগড়া হয়েছিল বলে জানান ইশা। পরে তিনি বুঝতে পারেন, বিষয়টি আর তাঁর নিয়ন্ত্রণে নেই।
ইশার ভাষ্য, সেই সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। কারণ, একদিকে তাঁর মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশা দিচ্ছিলেন সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা। এতে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম- আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’
নিজেকে প্রতারিত মনে করেন কি না- এমন প্রশ্নের জবাবে ইশা স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’
এদিকে, ইশার এই মন্তব্যের বিষয়ে এখনো পর্যন্ত বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
-টিএস