নড়াইলে একটি মাদ্রাসার ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে মাহাবুবুর রহমান নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নড়াইল সদর উপজেলার বলরামপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
রোববার ভোরে গাজীপুর মহানগরীর গাছা থানার কলাগাছর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকার তাসীর উদ্দিন হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক ৪৫ দিনের প্রশিক্ষণে যাওয়ার সময় মাহাবুবুর রহমানকে সেখানে পড়ানোর দায়িত্ব দিয়ে যান। এরপর বিভিন্ন সময়ে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশু শিক্ষার্থীদের ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।
গত ২৭ আগস্ট এক শিশুকে ধর্ষণের পর সে বিষয়টি তার মাকে জানায়। পরদিন মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে আরও পাঁচ শিক্ষার্থী তাদের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে।
পরে এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করে। তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এফএস