
সংগৃহীত ছবি
কথা রাখলেন আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। বীমা গ্রাহকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছেন তিনি।
আজ থেকে দীর্ঘদিন ধরে অপরিশোধিত বীমা দাবিসমূহ পরিশোধের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
আইডিআরএ চেয়ারম্যানের নির্দেশনা ও তত্ত্বাবধানে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের বকেয়া বীমা দাবির আংশিক নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। ৩০ আগস্ট ২০২৬ তারিখে কোম্পানিটির ৫২৩ জন গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়নের মাধ্যমে অর্থের সংস্থান করে BEFTN পদ্ধতিতে সরাসরি গ্রাহকদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা দাবি পরিশোধ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে।
অবশিষ্ট দাবিসমূহও পর্যায়ক্রমে নিষ্পত্তির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এ উদ্দেশ্যে কোম্পানির অন্যান্য সম্পদ বিক্রিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বীমা গ্রাহকদের ন্যায্য দাবি পরিশোধ নিশ্চিত করার লক্ষ্যে আইডিআরএ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী মাসে আরও ৭টি বীমা কোম্পানির দীর্ঘদিনের অপরিশোধিত বীমা দাবি একই প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রাহকের স্বার্থ সুরক্ষা, বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং জনআস্থা পুনরুদ্ধারে আইডিআরএ-এর চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।
টিআইএস