হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ মিয়া চিমটিবিল এলাকার সফিকুল ইসলামের ছেলে। তার পরিবারের দাবি, সোহাগ রাখালের কাজ করতেন। দুপুরে সীমান্ত এলাকায় গরু চরাতে গেলে বিএসএফ তাকে গরু চোরাকারবারি সন্দেহে গুলি করে।
বিজিবি হবিগঞ্জ-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বলেন, ঘটনাটি শূন্যরেখা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে ভারতীয় অংশে ঘটেছে। বিএসএফ গরু চোরাকারবারি শনাক্ত করে গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন। ঘটনার পর বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে সেখানে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরনের পোশাক দেখে তাকে বাংলাদেশি বলে ধারণা করেন স্থানীয়রা।
খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাকে সোহাগ মিয়া হিসেবে শনাক্ত করেন।
পরে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সোহাগের চাচা আবদুল কাদির বলেন, ‘আমার ভাতিজা সীমান্তে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিল। বিএসএফ গরু চোরাকারবারি সন্দেহে তাকে গুলি করেছে।’
এদিকে ঘটনার পর বেলা দুইটা পর্যন্ত সোহাগের লাশ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরে বেলা সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এফএস