ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে হাত বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ পিএম
X

লালমনিরহাটের কালীগঞ্জে মসজিদের মাইক চুরির অভিযোগে সৌরভ রায় (১৫) নামে এক কিশোরকে দুই হাত রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ৩১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার শিকার সৌরভ রায় হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকার ক্ষিতিষ রায়ের ছেলে। বর্তমানে সে কালীগঞ্জের কালভৈরব এলাকায় তার নানাবাড়িতে অবস্থান করছিল।

পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভের মা প্রায় ১০ থেকে ১২ দিন আগে দুই ছেলেকে নিয়ে কালীগঞ্জে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৌরভ কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারারী গ্রামের চাপারহাট বাজারে একটি মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন তাকে পথরোধ করে মসজিদের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে মসজিদের মাইক চুরির অভিযোগ করা হয়।

কিশোরটি চুরির অভিযোগ অস্বীকার ও প্রতিবাদ করলে তাকে দুই হাত রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর সৌরভকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই কিশোরের দুই হাত রশি দিয়ে বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা। কয়েকজন ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় কেউ কেউ তাকে চড়-থাপ্পড় ও লাথি মারছেন। একপর্যায়ে মারধরের শিকার কিশোরকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়।

ভিডিওটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিকের নজরে এলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। পরে বৃহস্পতিবার রাতেই পুলিশ ওই কিশোরের সন্ধান করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে খোঁজখবর নেয়।

এ ঘটনায় সৌরভের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে দেওয়া লিখিত অভিযোগটি শুক্রবার নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার নম্বর ৪৯।

কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিক বলেন, চাপারহাট বাজারের একটি মসজিদের মাইক চুরির অভিযোগে এক কিশোরকে রশি দিয়ে বাঁশের সঙ্গে দুই হাত বেঁধে মারধরের ভিডিও পুলিশের নজরে আসে। পরে পুলিশ ওই কিশোরের সন্ধান করে এবং পরিবারের সঙ্গে কথা বলে। ওসি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝