বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও মেলে না। অন্য ফ্যাসিস্টদেরও মেলে না।”
রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে অংশ নেন। এ আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলকর্মী ও সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন।
তিনি বলেন, ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অদম্য শক্তি রয়েছে। যুগে যুগে এ দেশের মানুষ অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।
ব্রিটিশ শাসনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল। এ কারণে ব্রিটিশদের এ দেশের প্রতি লোভনীয় দৃষ্টি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার আড়ালে এ দেশে আধিপত্য বিস্তার করে। তিনি সিরাজউদ্দৌলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ষড়যন্ত্রের কারণে পরবর্তীতে পরিস্থিতি বদলে গেলেও তিনি দুইবার ইংরেজদের পরাজিত করে কলকাতা উদ্ধার করেছিলেন।
রিজভী বলেন, ক্ষমতায় থাকার জন্য যারা দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, তা দেশের মানুষ মেনে নেয়নি। বিএনপি ও জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিবাদের ধারাবাহিকতা ধরে রেখেছেন। অসীম সাহসী নেতৃত্ব দিয়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রত্যয় নিয়ে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। আধিপত্যকামী বিভিন্ন শক্তি তার এই অবস্থান মেনে নিতে পারেনি। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং নানা ধরনের জুলুম-নির্যাতন চালানো হয়েছে। একজন সুস্থ মানুষ কারাগারে গিয়ে হুইলচেয়ারে করে বেরিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, গুম-খুন, রিমান্ডের নামে নির্যাতনসহ বিভিন্ন ধরনের নিপীড়ন চালানো হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও মেলে না। অন্য ফ্যাসিস্টদেরও মেলে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান। বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
টিআইএস