কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনন্যা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সকালে পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- উপজেলার বাহাদিয়া গ্রামের মো. সেলিম মিয়া (৩৫) ও বর্ষাগাতী গ্রামের উজ্জল মিয়া। তারা দুজনই অটোরিকশা যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন- পৌরসদরের বরাটিয়া গ্রামের রেনু মিয়া ও পাকুন্দিয়া এলাকার ছোটন মিয়া।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস উপজেলার বরাটিয়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেলিম মিয়া নামে এক অটোরিকশাযাত্রী নিহত হন। এ সময় সাইকেল আরোহী এবং অটোরিকশার চালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত তিনজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে উজ্জল মিয়া নামে অপর একজন মারা যান।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অনন্যা পরিবহনের চালক সম্ভবত ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বায়োজিদ বলেন, হাসপাতালে আনার আগেই একজন মারা যান। আহত তিনজনের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন ঘটনাস্থলেই মারা গেছেন, কিশোরগঞ্জ নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএফ