ময়মনসিংহ সদর উপজেলার একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, পাশের একটি জমিতে কাজ করার সময় কয়েকজন কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে পাটক্ষেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।
পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, নিহত নারীর পরনে কালো বোরকা ও জামা ছিল। দীর্ঘ সময় ধরে মরদেহটি সেখানে পড়ে থাকায় মুখমণ্ডল ও বুকে পচন ধরে এবং পোকা লাগে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহত নারীর পরিচয় শনাক্ত, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।