ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খাল পুনর্খনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১১ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:২৫ পিএম
X
Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দুটি খাল পুনর্খনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের একটি দৃষ্টান্ত হিসেবে বিষয়টি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে বাগজানা ইউনিয়নের সোনাপুর-খোর্দ্দমশুল-ঝিনাইগাড়ী হয়ে সোনামনু মাস্টারের জমি থেকে জীবনপুর অভিমুখে ১ হাজার ৮০০ মিটার খাল পুনর্খননের জন্য ৩১ লাখ ৭৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইচগেট অভিমুখে ৬০০ মিটার খাল পুনর্খননের জন্য আরও ৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে দুটি খালের পুনর্খনন কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে বর্ষা মৌসুমে কয়েক দফায় খালের পাড় সংস্কার করা হয়, যাতে বৃষ্টির পানির প্রবাহ স্বাভাবিক থাকে এবং ভাঙনের ঝুঁকি কমে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও খালের পাড় সংরক্ষণের লক্ষ্যে দুই তীরে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাপুর-জীবনপুর খাল পুনর্খনন প্রকল্পে মোট ব্যয় হয়েছে ২১ লাখ ৪৩ হাজার ৮৮৫ টাকা। ফলে এ প্রকল্পে অব্যয়িত থাকে ১০ লাখ ৩৫ হাজার ১১৫ টাকা। অন্যদিকে, ঢাকারপাড়া-সুইচগেট খাল পুনর্খনন প্রকল্পে ব্যয় হয়েছে ৭ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা এবং অব্যয়িত থাকে ৫২ হাজার ১৫০ টাকা। দুটি প্রকল্প মিলিয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রকল্পের সব শ্রমিকের মজুরি সরাসরি তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে। ফলে অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনিয়মের সুযোগও কমেছে। কাজের প্রতিটি ধাপ তদারকি করায় নির্ধারিত মান বজায় রেখে কম ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাঁচবিবি উপজেলার বাগজানা ও কুসুম্বা ইউনিয়নে দুটি খাল পুনর্খননের কাজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে খনন কার্যক্রম সম্পন্ন করে শ্রমিকদের নিজ নিজ ব্যাংক হিসাবে মজুরি পরিশোধের পর অব্যয়িত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে খাল পুনর্খনন সংক্রান্ত কমিটির সদস্যরা দায়িত্ব পালন করায় এটি সম্ভব হয়েছে। আমরা বিশ্বাস করি, পুনর্খনন করা এসব খাল সংশ্লিষ্ট এলাকার কৃষকদের সেচ কার্যক্রম সহজ করবে এবং জলাবদ্ধতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে পলি জমে খাল দুটি নাব্যতা হারিয়েছিল। পুনর্খননের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে, কৃষিজমিতে সহজে সেচ দেওয়া যাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে সরকারি অর্থ সাশ্রয় করে অব্যয়িত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

এসআইএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement