অপরাধ দমনে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা দলীয় সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, "অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।"
রোববার (২৬ জুলাই) সকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেইজড), প্রযুক্তিনির্ভর (টেক-বেইজড) এবং কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইন-শৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরও কার্যকর হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন এবং জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএমএস/এসআর