রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে সেখানে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা গেছে। সেখানে দুটি ইউনিট কাজ করছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধোঁয়া সৃষ্টির কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের টিমের কাজ শেষ হওয়ার পর এবং প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এসআর