ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বস্ত্র খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ বিটিএমএর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্র খাতের শ্রমিকদের জন্যও নতুন নিম্নতম মজুরি নির্ধারণের দাবি উঠেছে। এ নিয়ে বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বস্ত্র খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করছে বিটিএমএ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন মজুরির দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলে মনে করে সংগঠনটি। সাম্প্রতিক অস্থিরতায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে বলেও দাবি করেছে বিটিএমএ। সংগঠনটির মতে, রপ্তানিমুখী বড় শিল্পে এ ধরনের অস্থিরতা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিটিএমএ জানায়, ২০২৪ সালে সর্বশেষ বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে চায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামোর সুপারিশ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। একইভাবে বস্ত্র খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া উচিত। কারণ, বস্ত্র ও তৈরি পোশাক খাত একে অপরের পরিপূরক। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিটিএমএর মতে, মজুরির দাবিতে উৎপাদন ব্যাহত করা শ্রমিকদের জন্যও ক্ষতিকর। এ কারণে সংশ্লিষ্ট শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষ ও অন্যান্য অংশীজনকে ধৈর্য ও সংযমের সঙ্গে উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে শ্রমিকবান্ধব, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা চেয়েছে তারা।

বিটিএমএ আশা প্রকাশ করেছে, নতুন নিম্নতম মজুরি কাঠামো টেক্সটাইলশিল্পের শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হবে।

বিটিএমএর সদস্য কারখানার সংখ্যা ১ হাজার ৮৮৮। স্পিনিং, প্রিন্টিং, ডায়িং ও ফিনিশিং- এই চার ধরনের কারখানায় প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝