বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়ার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে এবিজি মিডিয়া কাপ ফুটবল। দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। ৪৮টি মিডিয়া হাউসের অংশগ্রহণে আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই আসরের ফাইনালের পুরস্কার নিয়ে ছিল সবচেয়ে বেশি কৌতূহল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালের জন্য ৭৫ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই ঘোষণা দেন আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। ঘোষণায় জানানো হয়, ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা। দেশের মিডিয়া ফুটবলের ইতিহাসে এমন অভাবনীয় প্রাইজমানির ঘোষণা মুহূর্তেই অনুষ্ঠানস্থলে সৃষ্টি করে উচ্ছ্বাস ও করতালির আবহ।
এ সময় সায়েম সোবহান আনভীর বলেন, ‘আমার বাবা (আহমেদ আকবর সোবহান) বলেছেন, পুরস্কার দেওয়াতে যাতে কোনো কিপ্টেমি না করি। যারা চ্যাম্পিয়ন হবে, তাদেরটা পরে বলি। যারা রানার্সআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ঘোষণা করলাম। অফকোর্স চ্যাম্পিয়ন ইজ আ চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন দলের জন্য আমার বাবার পক্ষ থেকে থাকছে ৫০ লাখ টাকা।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন ব্যতিক্রমী আয়োজন নিয়মিত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, ‘আমরা চাই, এই ম্যাচগুলো হোক নতুন কিছুর শুরু। পরের আসর থেকে যেন আরও বড় পরিসরে আয়োজন করতে পারি।’
অনুষ্ঠানে উন্মোচন করা হয় এবিজি মিডিয়া কাপ ফুটবলের দৃষ্টিনন্দন ট্রফি। উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৪৮টি মিডিয়া হাউসের অধিনায়ক, প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। যাঁরা প্রতিনিয়ত সংবাদ ও ঘটনার পেছনে ছুটে চলেন, এবার তাঁরাই ফুটবল পায়ে মাঠ মাতানোর সুযোগ পাচ্ছেন।
গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান। তিনি বলেন, ‘আজকের এই আয়োজন আমাদের জন্য নিছক একটি জার্সি ও ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা নয়। বরং একটি স্বপ্নের দৃশ্যমান রূপ, একটি নতুন যাত্রার সূচনা এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক সংযোগের প্রয়াস। আমাদের এবিজি মিডিয়া কাপের মূল দর্শন অত্যন্ত সহজ—কর্মক্ষেত্রের ব্যস্ততা ও প্রতিযোগিতার বাইরে মানুষে মানুষে সম্পর্কের একটি আনন্দময় সেতুবন্ধন তৈরি করা।’
টুর্নামেন্টের পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা প্রতিনিয়ত সমাজকে সচেতন রাখেন, মানুষের আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা তুলে ধরেন, তাঁদের নিজেদের মধ্যেও আনন্দ, বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্যের একটি পরিসর থাকা প্রয়োজন। সেই ভাবনা থেকেই এবিজি মিডিয়া কাপের উদ্যোগ।’
৪৮ দলের লড়াই, ম্যাচপ্রতি থাকছে পুরস্কার
এবারের এবিজি মিডিয়া কাপ ফুটবলে অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে আটটি গ্রুপে, প্রতিটি গ্রুপে ছয়টি করে দল। শনিবারের ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত হয়েছে গ্রুপ বিন্যাস ও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী পর্বে খেলার সুযোগ পাবে।
গ্রুপ পর্বের ১২০টি ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে ২৫ হাজার টাকা। পরাজিত দলের জন্যও থাকছে ১০ হাজার টাকা। দ্বিতীয় পর্বের আটটি ম্যাচে বিজয়ী ও পরাজিত দল পাবে যথাক্রমে ৩৫ হাজার ও ১৫ হাজার টাকা।
কোয়ার্টার ফাইনালের চার ম্যাচের প্রতিটিতে বিজয়ী দল পাবে এক লাখ টাকা। পরাজিত দল পাবে ৫০ হাজার টাকা করে। সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে ফাইনালে জায়গা করে নেওয়া দুই দল পাবে আড়াই লাখ টাকা করে। শেষ চার থেকে বিদায় নেওয়া বাকি দুই দলের জন্য থাকছে দেড় লাখ টাকা করে।
সবশেষে শিরোপা নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়ন ও রানার্সআপের জন্য থাকছে যথাক্রমে ৫০ লাখ ও ২৫ লাখ টাকার বিশাল পুরস্কার। ফাইনালের আগপর্যন্ত ১৩৪টি ম্যাচের ম্যাচ ফি বাবদই বরাদ্দ রাখা হয়েছে ৬০ লাখ টাকা।
১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় ফাইনাল
আগামী ১৭ ডিসেম্বর কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে আয়োজন করা হবে সেলিব্রিটিদের অংশগ্রহণে দুটি বিশেষ প্রদর্শনী ম্যাচ। এতে মুখোমুখি হবেন বাংলাদেশের পুরুষ ও নারী সেলিব্রিটিরা।
রাফসান শাবাব ও আয়শা খানের সঞ্চালনায় শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের উল্লেখযোগ্যসংখ্যক তারকা। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক নিরব হোসেন, চিত্রনায়ক জিয়াউল রোশান, অভিনেতা আরশ খান, ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা চাষী আলম, শিমুল, মুসাফির সাঈদ বাচ্চু, সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মী ইসলাম নীলা, অভিনেত্রী সামান্থা পারভেজ, অনিন্দিতা মিমি ও মাফতুয়া জান্নাত জিম।
ব্যক্তিগত ও দলীয় পুরস্কারেও আকর্ষণ
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবেও থাকছে আকর্ষণীয় পুরস্কার। আসরের সেরা খেলোয়াড় পাবেন দুই লাখ টাকা। সেরা সেটপিস, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস—এই চারটি পুরস্কারের প্রতিটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। পরিচ্ছন্ন ও ক্রীড়াসুলভ ফুটবল চর্চায় উৎসাহ দিতে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০ হাজার টাকা।
শুধু মাঠের পারফরম্যান্স নয়, গণমাধ্যমকর্মীদের সৃজনশীল কাজের স্বীকৃতিতেও থাকছে বিশেষ পুরস্কার। টেলিভিশন, সংবাদপত্র, ওয়েব ও মাল্টিমিডিয়া—এই চার বিভাগে সেরা প্রতিবেদন ও কনটেন্টের প্রতিটির জন্য দেওয়া হবে দুই লাখ টাকা।
এ ছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সর্বাধিক দেখা কনটেন্টের প্রতিটির জন্য থাকছে এক লাখ টাকা করে পুরস্কার। এসব কনটেন্টে ব্যবহার করতে হবে নির্ধারিত হ্যাশট্যাগ—#SayemSobhanAnvir, #AnvirBashundharaGroup, #ABGMediaCup2026, #BashundharaCity2 ও #ABGSportsCity।
প্রকাশিত আলোকচিত্রের মধ্য থেকে সেরা ছবির জন্য নির্বাচিত আলোকচিত্রী পাবেন এক লাখ টাকা। প্রতিবেদন, কনটেন্ট ও আলোকচিত্রের পুরস্কারের জন্য প্রতিযোগীদের নিজেদের সেরা কাজের লিংক আয়োজকদের কাছে পাঠাতে হবে। আয়োজক কমিটির গঠিত জুরি বোর্ড নিরপেক্ষ ও সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করবে।
সব মিলিয়ে এবিজি মিডিয়া কাপ ফুটবল কেবল একটি টুর্নামেন্ট নয়; এটি গণমাধ্যমকর্মীদের মিলনমেলা, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ চেতনার এক অনন্য উদযাপন। বিপুল প্রাইজমানি, তারকাখচিত আয়োজন এবং ব্যতিক্রমী পরিকল্পনার মধ্য দিয়ে দেশের মিডিয়া ফুটবলে নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশা তৈরি করেছে এই আসর।