ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমন ধান ৮০ শতাংশ পরিপক্ব হলে কাটার পরামর্শ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আমন ধান ৮০ শতাংশ পরিপক্ব হলেই কেবল কাটার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ফসল সংগ্রহের ১৫ দিন আগে পানি নিষ্কাশনের কথা বলা হয়েছে।


শনিবার (২৮ নভেম্বর) কৃষি পূর্বাভাস থেকে এসব পরামর্শ জানা গেছে।


কৃষি আবহাওয়ার পরামর্শ সেবা বুলেটিনে বিভিন্ন ফসলের জন্য করণীয় উল্লেখ করা হয়েছে।

গম:
বর্তমান আবহাওয়া বীজ অঙ্কুরোদগমের জন্য অনুকূল, অনুমোদিত জাতের গম বীজ বপন করুন। উপযুক্ত জো অবস্থায় বপনের জন্য জমি তৈরি করুন।


শেষ চাষের পূর্বে হেক্টরপ্রতি ১০ টন পচা গোবর/কম্পোস্ট সার প্রয়োগ করুন। সেইসঙ্গে যথাক্রমে ১৫০ কেজি ইউরিয়া, ১৩৫ কেজি টিএসপি, ১০০ কেজি এমওপি, ১১০ কেজি জিপসাম এবং ৬ কেজি বরিক অ্যাসিড বেসাল ডোজ হিসেবে জমিতে প্রয়োগ করুন।


ধান আমন:
শতকরা ৮০ ভাগ ধান পরিপক্ব হলে রৌদ্রোজ্জ্বল দিনে ধান কর্তন করুন। ফসল সংগ্রহের ১৫ দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলুন।


বোরো ধান:
বোরো ধানের বীজতলা তৈরির ব্যবস্থা নিন। উঁচু জায়গায় বীজতলা তৈরি করুন এবং জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। সমবায়ভিত্তিক বীজতলা করা যেতে পারে।


অনুমোদিত জাতের বীজ ব্যবহার করুন।

বীজতলার চারা হলুদ হয়ে গেলে প্রতি শতকে ২৮৩ গ্রাম হারে ইউরিয়া প্রয়োগ করুন। ইউরিয়া প্রয়োগে সমাধান না হলে প্রতি শতকে ৪০০ গ্রাম জিপসাম প্রয়োগ করুন।


সবজি:
হালকা সেচ প্রয়োগ করুন। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে বেগুনে ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য কীড়াসহ আক্রান্ত ডগা কেটে ধ্বংস করুন। ফেরোমন ফাঁদ ব্যবহার করে পোকার বংশবৃদ্ধি অনেকটা কমিয়ে আনা সম্ভব।


শসা জাতীয় সবজিতে পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য হেক্সাকোনাজল বা ম্যানকোজেব গ্রুপের বালাইনাশক প্রয়োগ করুন।

বর্তমান আবহাওয়ায় শিম ও বাঁধাকপিতে জাব পোকার আক্রমণ দেখা দিতে পারে। অনুমোদিত বালাইনাশক ব্যবহার করুন।


উদ্যান ফসল:
বর্তমান আবহাওয়ায় নারিকেল গাছে মাকড়ের আক্রমণ হতে পারে। আক্রমণ দেখা দিলে আক্রান্ত গাছের সব কচি ডাব কেটে নামিয়ে পুড়িয়ে ফেলতে হবে। তারপর আক্রান্ত গাছ ও আশপাশের কম বয়সী গাছে যেকোনো মাকড়নাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।


কলার পাতা ও ফলের বিটল পোকা থেকে রক্ষা করার জন্য মোচা থেকে কলা বের হওয়ার আগেই ছিদ্রযুক্ত পলিথিন দিয়ে কলার কাঁদি ব্যাগিং করে দিতে হবে।

বর্তমান আবহাওয়ায় পেয়ারায় ছাতরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে ০৫ গ্রাম গুঁড়া সাবান মিশিয়ে স্প্রে করুন। সেচ প্রয়োগ করুন।


সরিষা:
ফুল আসার পূর্বে অর্থাৎ বীজ বপনের ২০-২৫ দিন পর জমিতে পর্যাপ্ত রস না থাকলে সেচ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।


আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে কাটুই পোকার আক্রমণ দেখা দিতে পারে। আক্রমণ দেখা গেলে দমনের জন্য ক্লোরপাইরিফস ২০ইসি, ২.০ মিলি পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।


গবাদি পশু:
গবাদি পশুকে কৃমিনাশক না দেওয়া থাকলে কৃমি নাশক দিন। গবাদি পশুর বয়স ও শারীরিক সুস্থতার ভিত্তিতে টিকা প্রদান করুন। গোয়াল ঘরের চালা ও মেঝে পরিষ্কার রাখুন।

রাতের তাপমাত্রা কমে আসছে। নিউমোনিয়া থেকে সুরক্ষায় সকালে ও সন্ধ্যায় দুগ্ধবতী গাভী ও বাছুরকে চটের বস্তা দিয়ে জড়িয়ে দিন। যেকোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিন।


হাঁসমুরগি:
যেকোনো রোগের লক্ষণ দেখা দিলে যথাযথ চিকিৎসার জন্য দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন।


মুরগির খোয়াড়ে সন্ধ্যার পর ১-২ ঘণ্টা উচ্চ ক্ষমতাসম্পন্ন বাল্ব (১০০ ওয়াট বা এর বেশি) জ্বালিয়ে রাখলে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে ও রোগবালাই কমে যাবে।


মৎস্য:
মাছের রোগবালাই দেখা দিলে বা কাঙ্ক্ষিত বৃদ্ধি না হলে নিকটস্থ উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করুন। শীতকালে খাবার দেওয়ার পরিমাণ কমিয়ে দিন। প্রয়োজনে খাবার প্রয়োগ বন্ধ রাখুন।

পুকুর শুকিয়ে তলদেশের কালো/পচা কাদা অপসারণ করুন।

পুকুরের পাড় ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে মেরামত করে নিন।

বাৎসরিক পুকুর হলে সব মাছ আহরণ করে পরবর্তী বছরের জন্য পুকুর প্রস্তুতি শুরু করুন।


শীতের শুরুতে প্রতি শতাংশে ২৫০ গ্রাম চুন প্রয়োগ করলে মাছের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়।

আলু:
ফসলের এ পর্যায়ে উত্তম রূপে কন্দ গঠন ও বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে আলু খেতে সেচ প্রদান করার জন্য চাষিদের পরামর্শ দেওয়া হলো।


আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে আলুর সুতলী পোকার আক্রমণ দেখা দিতে পারে। আলু সংগ্রহের ৬০ দিন আগে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের সঙ্গে গোড়া বাঁধানোর ব্যবস্থা করুন।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝