নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগত নয়, নিজ বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য থাকায় প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হচ্ছে। তাই দক্ষ অ্যাকাডেমিশিয়ান এবং ফ্যাসিবাদবিরোধী ও জুলাই আন্দোলনে ভূমিকা রাখা শিক্ষকদের মধ্য থেকে যোগ্য কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিতে হবে।
তাদের দাবি, নিজ বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞ নিজস্ব শিক্ষককে নিয়োগ দিলে দ্রুততার সঙ্গে দায়িত্ব পালন সম্ভব হবে বলেও মনে করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে সম্মুখসারিতে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের সময় এসেছে। তাই নোবিপ্রবির যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের দাবির প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তারা।
-টিএস