বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক শিক্ষার্থীর বান্ধবীকে নিয়ে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল ও শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত ২টার দিকে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল হাই দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আশরাফুল হক হলের এক শিক্ষার্থীর বান্ধবীকে নিয়ে শামসুল হক হলের এক শিক্ষার্থী বিরূপ মন্তব্য করেন। বিষয়টি ওই ছাত্রী আশরাফুল হক হলের শিক্ষার্থীকে জানান। পরে রাতেই আশরাফুল হক হলের শিক্ষার্থীরা শামসুল হক হলে গিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাছে জানতে চান। এ নিয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে শামসুল হক হলের কিছু শিক্ষার্থী আশরাফুল হক হলে প্রবেশ করে ল্যাম্প, লাইট, জানালাসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়।
খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই পক্ষকে ঘটনার বিস্তারিত উল্লেখ করে লিখিত অভিযোগ দিতে বলেন। তবে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। পরে জুমার নামাজের পর আবারও দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এরপর পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণে আনা হয় এবং উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়।
প্রক্টর ড. আব্দুল হাই বলেন, বিকেল পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/আরএন