ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৫ এএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহৃত সিম শনাক্ত হওয়ায় দেশের চার মোবাইল অপারেটর- রবি আজিয়াটা, বাংলালিংক, টেলিটক ও গ্রামীণফোনকে মোট ৮ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। এসব অপারেটরের ৮ হাজার ৬৮২টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পাওয়া গেছে।

আন্তর্জাতিক কল টার্মিনেশন বা ভিওআইপি হলো বিদেশ থেকে আসা ফোনকল বা ভয়েস ট্রাফিক কোনো দেশের স্থানীয় মোবাইল বা ল্যান্ডলাইন নেটওয়ার্কে সফলভাবে পৌঁছে দেওয়া বা সম্পন্ন করার প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক গেটওয়ে ও স্থানীয় অপারেটরদের মাধ্যম হয়ে কলটি শেষ পর্যন্ত গ্রাহকের মোবাইল ফোনে রিসিভ হয়।

এদিকে, আগামী ১০ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের জন্য মোবাইল অপারেটরগুলোকে নোটিশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। বিটিআরসি’র পরিচালক সোহেল রানার সই করা নোটিশটি বেসরকারি তিন অপারেটরের সিইও ও রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের এমডিকে পাঠানো হয়েছে।

নোটিশে দেখা গেছে, সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির ৫ হাজার ৯৩৫টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের ৫ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলালিংকের ১ হাজার ৮৮২টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ কোটি ৮৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের ৬৮১টি সিম ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৬৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর গ্রামীণফোনের ১৮৪টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় অপারেটরটিকে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে কমিশন।

বিটিআরসির নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট অপারেটরগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও মোবাইল অপারেটর লাইসেন্সের শর্ত এবং কমিশনের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফলে তাদের সিম অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনে ব্যবহৃত হয়েছে।

গত ২১ জুলাই চার অপারেটরের কাছে পাঠানো এ সংক্রান্ত আলাদা নোটিশে বলা হয়, অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহৃত প্রতিটি সিমের জন্য ১০ হাজার টাকা হারে প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ ‍জুলাই) রাতে একাধিক গণমাধ্যমে দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) দায়ে ১৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা বিষয়ে খবর প্রকাশ হলে বাকি তিন অপারেটরকে একই দায়ে জরিমানার বিষয়টিও সামনে আসে।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝