পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নদী ও গাছের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই নদীর তীরে গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে পঞ্চগড় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সরকারি অডিটোরিয়াম চত্বরে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং আমাদের অক্সিজেন দেয়। তাই গাছ লাগানো জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করার সঙ্গে সঙ্গে একটি করে বৃক্ষরোপণ করুন। গাছ, নদী ও মানুষের সম্পর্ক অসীম।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কারণে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
পরে সরকারি অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।