ভূমি সেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, হয়রানি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীনগর উপজেলা ভূমি অফিস আয়োজিত সভায় এমপি আব্দুল মান্নান বলেন, নামজারি ও ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তাঁর কাছে এসেছে। সরকারি নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অর্থ আদায় বা জনগণকে হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, “ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এমপি আরও বলেন, কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি সতর্ক করে বলেন, তাঁর নাম, পরিবারের সদস্য বা আত্মীয়-স্বজনের পরিচয় ব্যবহার করে কেউ যেন অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা না করেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বীন মনসুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসপি/ এসআর