পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রদানের আবেদন বিবেচনা না করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-৩ শাখা থেকে গত ১৫ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা চিঠিটি প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রাপ্তির জন্য জমা দেওয়া নতুন আবেদনগুলো বিবেচনা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে নতুন লাইসেন্স আবেদন স্থগিত রাখার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, অটোগ্যাস স্টেশন স্থাপন ও লাইসেন্স প্রদানের বিদ্যমান নীতিমালা, নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা কিংবা লাইসেন্স প্রদান প্রক্রিয়া পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
বর্তমানে অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রদান ও নিরাপত্তা তদারকিতে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন গুরুত্বপূর্ণ। প্রচলিত বিধিমালা অনুযায়ী, নতুন অটোগ্যাস স্টেশন স্থাপন বা বিদ্যমান স্থাপনায় পরিবর্তনের আগে নকশা অনুমোদন ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক।
এ ছাড়া স্টেশন পরিচালনার ক্ষেত্রে এলপিজি বিধিমালা, ২০০৪ অনুযায়ী নির্ধারিত নিরাপত্তাবিধি অনুসরণ করতে হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন আবেদন গ্রহণ বন্ধের মাধ্যমে খাতটির বর্তমান অবস্থা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা করা হতে পারে।
এসআর