ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ফের খানাখন্দ, দুর্ভোগে জনসাধারণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:২৬ পিএম
X

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সংস্কারের কিছুদিন না যেতেই আবারও ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, অন্যদিকে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন পথচারীরা। বিশেষ করে ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী ব্রিজসংলগ্ন অংশে বৃষ্টির পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে বালিয়াখালী ব্রিজের পাশে প্রাতঃভ্রমণে বের হয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন স্থানীয় প্রবীণ ব্যক্তি শেখ মাহতাব হোসেন ও সরকারি চাকরিজীবী খান জাহান আলী।

ভুক্তভোগী শেখ মাহতাব হোসেন বলেন, “সকাল ৬টার দিকে আমরা বালিয়াখালী ব্রিজের পাশ দিয়ে হাঁটছিলাম। এ সময় খুলনাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সড়কের একটি বড় গর্তে পড়ে। সঙ্গে সঙ্গে গর্তে জমে থাকা কাদামিশ্রিত নোংরা পানি ছিটকে এসে আমাদের গায়ে ও কাপড়ে লাগে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পোশাক নষ্ট হয়ে যায়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিনই এই সড়কে পথচারীদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, বালিয়াখালী ব্রিজসহ মহাসড়কের কয়েকটি স্থানে বিটুমিন ও পিচ উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবার মতো অবস্থা সৃষ্টি হয়। ফলে চালকরা গর্তের গভীরতা বুঝতে না পেরে হঠাৎ ব্রেক কষতে বাধ্য হন, যা প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একই সঙ্গে দ্রুতগতির যানবাহনের চাকায় গর্তের নোংরা পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ছে নিয়মিত।

এ বিষয়ে খুলনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। বর্ষা মৌসুম এবং অতিরিক্ত মালবোঝাই যানবাহন চলাচলের কারণে মহাসড়কের কিছু অংশের পিচ দ্রুত নষ্ট হয়ে গর্তের সৃষ্টি হয়েছে। জনগণের এই সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

বালিয়াখালী ব্রিজসংলগ্ন অংশে জরুরি সংস্কার হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই হবে। আমরা বসে নেই। ডুমুরিয়া ও বালিয়াখালী অংশের ক্ষতিগ্রস্ত স্থানগুলো দ্রুত মেরামতের জন্য আজই একটি টেকনিক্যাল টিম স্পট পরিদর্শনে পাঠানো হচ্ছে। বর্ষার কারণে এখন স্থায়ী কার্পেটিং সম্ভব না হলেও ইট, খোয়া ও কোল্ড মিক্স দিয়ে জরুরি ভিত্তিতে গর্তগুলো ভরাট করা হবে, যাতে এক-দুই দিনের মধ্যেই যানবাহন ও পথচারীরা কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারেন। বৃষ্টি কমলেই পুরো সড়কের স্থায়ী সংস্কার করা হবে।”

স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, বারবার জোড়াতালি দিয়ে সংস্কার না করে বালিয়াখালী ব্রিজসংলগ্ন মহাসড়কে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।

এসএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝