ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফ্যাসিবাদী হামলা অব্যাহত থাকলে শক্ত লড়াই হবে: নাসিরুদ্দিন পাটোয়ারী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৫৮ এএম
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে যদি ফ্যাসিবাদী হামলা একইভাবে চলতে থাকে, তাহলে আগামী দিনে এর বিরুদ্ধে শক্ত লড়াই হবে।

শুক্রবার রাত ৮টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারের গোডাউন মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির "দেশ গড়তে জুলাই পদযাত্রা" কর্মসূচির অংশ হিসেবে উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ১৪শ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশে ফ্যাসিবাদ ছিল, এখনো ফ্যাসিবাদী হামলা চলছে। একই পথে চললে আগামী দিনে আপনাদের সঙ্গে আমাদের শক্ত লড়াই হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন রয়েছে। শিক্ষা, চিকিৎসা, আলেম-ওলামাদের নিরাপত্তা এবং সীমান্ত এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপির উদ্দেশে নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করে বলেন, দলটিকে টেন্ডারবাজ ও চাঁদাবাজদের মনোনয়ন না দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, ভবিষ্যতের আন্দোলন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে নয়; বরং জুলাই সনদ ও গণভোট অমান্যকারী এবং ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে হবে।

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও আধিপত্যবাদী আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা, পানিবণ্টন এবং বিভিন্ন ইস্যুতে ভারতের ভূমিকার সমালোচনা করেন এবং সীমান্ত নিরাপত্তায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন না হলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।

সভায় দলের সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষ একটি নিরপেক্ষ প্রশাসন, ঘুষমুক্ত চাকরি এবং মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ বিল কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ, উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

জিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝